ট্রাম্পের সঙ্গে কোনও বৈঠক নয়: ইরান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তবে সেখানে অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনও বৈঠক হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
সাংবাদিকরা জারিফের কাছে জানতে চান ইরানের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করবেন কিনা? উত্তরে ক্ষুব্ধ জারিফ বলেন, ‘না’।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানে বিরত থাকতে বাধ্য হতে পারেন ইরানের প্রেসিডেন্ট। কেননা এখন পর্যন্ত হাসান রুহানি ও তার প্রতিনিধি দলকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত অবশ্য অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করতে সমর্থ হন ইরানের প্রেসিডেন্ট।

নিউ ইয়র্ক পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি স্পর্শকাতর, এটা ঠিক। তবে বহিঃশক্তির হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক দেশগুলো এ অঞ্চলের নিরাপত্তা প্রতিষ্ঠায় সক্ষম।

রুহানি বলেন, তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানি জনগণের পক্ষ থেকে একটি বার্তা নিয়ে নিউ ইয়র্কে গেছেন। ইরানি জনগণ আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদের নিষ্ঠুর শিকারে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল স্থাপনায় হামলার ঘটনায় ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়া। এ ঘটনায় ওয়াশিংটনের সঙ্গে তেহরানের অবনতিশীল সম্পর্কে আরও উত্তেজনা তৈরি হয়। ওই হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। যুক্তরাষ্ট্রের তরফে স্যাটেলাইট ছবি প্রকাশ করে হামলার নেপথ্যে ইরান জড়িত রয়েছে বলে দাবি করে।

হামলার পর ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিচ্ছিল যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত যুদ্ধংদেহী মনোভাব থেকে পিছু হটে হোয়াইট হাউস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, তেহরানের সঙ্গে ‘শান্তিপূর্ণ সমাধান চায়’ ওয়াশিংটন ও মিত্ররা। এরমধ্যেই ইরানি প্রেসিডেন্টের ভিসা নিয়ে বিলম্বের অভিযোগ উঠে ওয়াশিংটনের বিরুদ্ধে। এর ধারাবাহিকতায় সর্বশেষ নিউ ইয়র্ক পৌঁছে ট্রাম্পের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের কোনও বৈঠক নাকচ করে দেন জারিফ। সূত্র: সিএনএন, পার্স টুডে।