পরমাণু চুক্তিতে ফিরলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় রাজি ইরান

যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনা প্রশমনে সমঝোতায় রাজি হয়েছে তেহরান। তবে তাদের শর্ত সেজন্য যুক্তরাষ্ট্রকে ২০১৫ সালে করা পরমাণু চুক্তিতে ফিরে আসতে হবে। বুধবার ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেন, আমেরিকার যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে এবং ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় তাহলে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

180723110625-20180723-trump-rouhani-usa-iran-flags-exlarge-169

২০১৫ সালের জুনে ভিয়েনায় ইরানের সঙ্গে নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন (পি-ফাইভ) ও জার্মানি (ওয়ান) পরমাণু চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে গেলেও পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয় তেহরান। ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে ২০১৮ সালের মে মাসে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নভেম্বরে থেকে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল শুরু করে ওয়াশিংটন। এর পরিপ্রেক্ষিতে ওই চুক্তির প্রতিশ্রুতি থেকে পর্যায়ক্রমে সরে যাচ্ছে তেহরান। এর ধারাবাহিকতায় সম্প্রতি তৃতীয়বারের মতো প্রতিশ্রুতি কমানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এবারের ঘোষণায় দেশটির পারমাণবিক গবেষণা ও উন্নয়ন সংস্থার ওপর আরোপিত সব ধরনের সীমাবদ্ধতা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এই ঘোষণার পর ইরানের বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট তেল পরিবহন নেটওয়ার্কের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এ সময় ফ্রান্সসহ অনেক দেশ ইরানকে ওই পরমাণু চুক্তি সম্পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানায়।

আলী রাবিয়ি দাবি করেন, ইরানের পক্ষ থেকে অনেক বেশি আশ্বাস দেওয়া হয়েছে এবং অচলাবস্থা নিরসনের ন্য প্রেসিডেন্ট হাসান রুহানি একটি প্রস্তাব পেশ করেছেন যাতে পরমাণু সমঝোতার অবকাঠামোর ভেতরে থেকে সামান্য কিছু পরিবর্তন করতে পারি আমরা।

ইরানের সরকারের মুখপাত্র বলেন, তার সরকার দেশের জনগণের স্বার্থ দেখার চেষ্টা করছে এবং যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় আর পরমাণু সমঝোতা তার প্রকৃত মর্যাদা ফিরে পায় তাহলে এর অবকাঠামোর ভেতরে থেকে একটা আলোচনার পথ বের হবে যেখানে রাশিয়া, চীন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি থাকবে। সূত্র:পার্স টুডে