‘সিআইএ গুপ্তচর’কে মৃত্যুদণ্ডের সাজা দিলো ইরান

যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে তিন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে ইরানের একটি আদালত। এদের মধ্যে একজনকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে অপর একজনকেও দণ্ড দেওয়া হয়েছে।noname

ইরানের বিচার ব্যবস্থার মুখপাত্র গোলামহোসেইন এসমাইলি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-এর হয়ে কাজ করায় আলি নাফারিয়েহ ও মোহাম্মাদালি বাদাপৌরকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর ব্রিটিশ গোয়েন্দাদের সহায়তা করায় মোহাম্মদ আমিন নাসাবকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান মুখপাত্র। তিনি বলেন, এখনও আপিলের সুযোগ পাবেন ওই ব্যক্তি।

চলতি বছরের শুরুতে সিআইএ-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে আটকের কথা জানায় ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। তারা ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা এবং বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করছিলেন বলে অভিযোগ করে ইরান। এই অভিযোগকে সম্পূর্ণ ভুয়া বলে উড়িয়ে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দণ্ডঘোষিতদের মধ্যে তাদের কেউ রয়েছেন কিনা তা স্পষ্ট নয়।

মঙ্গলবার পৃথক একটি মামলার বিষয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসমাইলিকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রেসিডেন্ট হাসান রুহানির ভাইয়ের কারাদণ্ড সাত বছর থেকে কমিয়ে পাঁচ বছর করেছে দেশটির একটি আপিল আদালত। ঘুষ গ্রহণের অভিযোগে হোসেইন ফেরেইদুনকে এই দণ্ড দেওয়া হয়।

গত মে মাসে প্রকাশিত খবর অনুসারে, প্রেসিডেন্ট রুহানির ঘনিষ্ঠ উপদেষ্টা ও সিনিয়র কূটনীতিক ফেরেইদুনকে অনির্ধারিত মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট সমর্থকরা বলে থাকেন এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।