আফগানিস্তানের বলখ প্রদেশের পুলিশ সদর দফতরে হামলা চালিয়ে ১১ পুলিশকে হত্যা করেছে তালেবান বিদ্রোহীরা। এরপর তারা ওই দফতর জ্বালিয়েও দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্রোহীদের একটি দল সোমবার সন্ধ্যা থেকে বলখের শরতেপা জেলায় হামলা শুরু করে পরদিন মঙ্গলবার সকাল পর্যন্ত তা চালিয়ে যায়।
সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের পুলিশ তালেবান হামলার প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর থেকেই আফগানিস্তানজুড়ে হামলা জোরালো করেছে তারা। শনিবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের দিনটিতেও দেশজুড়ে বিক্ষিপ্ত হামলা চালিয়েছে তালেবান এবং তাদের হুমকির কারণে শঙ্কিত বহু ভোটার ভোট দেওয়া থেকে বিরত থাকে। ভোট পড়ে মাত্র ২০ শতাংশ।
বলখের গভর্নরের মুখপাত্র মুনির ফরহাদ জানিয়েছেন, সোমবার এক বন্দুক লড়াইয়ের পর তারা জেলা পুলিশ সদর দফতরের দখল নিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পরে আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীগুলোর অতিরিক্ত সেনারা উপস্থিত হয়ে সদর দফতরটি নিজেদের নিয়ন্ত্রণে আনে।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শরতেপার দাবি করেছেন, হামলায় ৩০ পুলিশ নিহত হয়েছেন। তারা অনলাইনে একটি ভিডিও পোস্ট করে আগুনে জ্বলতে থাকা পুলিশ সদর দফতর ও লুট করা অস্ত্র প্রদর্শন করেছে।