আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রকে পাল্টা আঘাতের হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। রবিবার দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, তেহরান আক্রান্ত হলে দুনিয়ার যে কোনও প্রান্তে মার্কিন স্বার্থে আঘাত হানা হবে। ফলে আমেরিকা যেন ইরানে আগ্রাসন চালানোর মতো নির্বুদ্ধিতা না দেখায়। তেহরানে বার্তা সংস্থা ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি বলেন, ইরানের সামরিক শক্তি কেবল তার ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং দুনিয়ার যে কোনও প্রান্তে মার্কিন স্বার্থে আঘাত হানার সক্ষমতা তেহরানের রয়েছে।
আমেরিকা ও তার মিত্ররা ইরানে আগ্রাসন চালালে তেহরানের প্রতিক্রিয়া কি হবে? এমন প্রশ্নের উত্তরে জেনারেল শেকারচি বলেন, ইরান ইতোমধ্যেই আমেরিকা ও তার মিত্রদের স্বার্থে আঘাত হানার সক্ষমতা প্রমাণ করেছে। যদি কোনও দেশ তেহরানের ওপর সরাসরি হামলা না চালিয়ে বরং আগ্রাসনের কাজে নিজের ভূমিকে ব্যবহার করতে দেয় তাহলেও ওই দেশকে আগ্রাসী শক্তি হিসেবে চিহ্নিত করে এর জবাব দেওয়া হবে।
জেনারেল শেকারচি বলেন, আমেরিকা ও ব্রিটেন যে কাগুজে বাঘ ছাড়া আর কিছু নয় তা এরইমধ্যে বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো শত শত কোটি ডলার খরচ করে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে যে রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে তার অকার্যকারিতাও প্রমাণিত হয়েছে।
গত সেপ্টেম্বর মাসে সৌদি আরবের আরামকো কোম্পানির দু’টি বৃহৎ তেল স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ওই হামলার ঘটনায় অত্যন্ত হাস্যকর ও লজ্জাজনকভাবে আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অকার্যকারিতা প্রমাণিত হয়েছে। সূত্র: পার্স টুডে।