ভারতের ঝাড়খন্ডে মাওবাদীদের হামলায় চার পুলিশ নিহত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) রাতে লাতেহারের চন্দোয়া থানার কাছে ওই হামলা চালায় মাওবাদী স্কোয়াড। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, চন্দোয়া থানা কাছে টহল দিচ্ছিল পুলিশ ভ্যান। সেটি ঘিরে ফেলে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে মাওবাদীরা। সে সময় কমপক্ষে ৭০ থেকে ৮০ রাউন্ড গুলি চালায় তারা। অন্যদিকে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে এক পুলিশ কর্মকর্তা ও তিন পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
এর একদিন আগে বৃহস্পতিবার লাতেহারেই ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম জনসভা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি দাবি করেন, বিজেপি আমলে এ এলাকা মাওবাদী মুক্ত হচ্ছে। তার একদিন পর ওই ভয়াবহ হামলা হলো।