শীতের কথা মাথায় রেখে গরুর জন্য পাটের জ্যাকেট কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতের উত্তর প্রদেশের বিজেপি শাসিত অযোধ্যা পৌরসভা। শীতে ওই শহরের গোশালার গরুগুলোর কষ্ট লাঘব করতে এ পদক্ষেপ নিয়েছে পৌর প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে, গরুর প্রতিটি জ্যাকেটের দাম ধরা হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকা। প্রথম দফায় ১০০টি জ্যাকেট তৈরি করা হবে। আর সেগুলো নভেম্বর মাসের মধ্যেই হাতে পাবে প্রশাসন। দেশটির সংবাদমাধ্যম এই সময়’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বাছুরদের জন্য যে জ্যাকেট তৈরি হচ্ছে তাতে তিনটি স্তর থাকবে। একেবারের শেষ স্তরে পাটের পরিবর্তে অন্য কোনও গরম মোলায়েম কাপড় ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া গরু ও ষাঁড়ের জন্য তৈরি জ্যাকেটের নকশাও সম্পূর্ণ আলাদা। ষাঁড়ের জ্যাকেট শুধু পাটের তৈরি হবে। তবে গরুর জ্যাকেটে থাকবে দুটি স্তর।’
এছাড়াও শীতের মৌসুমে গরুর যাতে কষ্ট না হয় সে জন্য প্রতিটি গোশালায় বনফায়ারের ব্যবস্থা করেছে প্রশাসন। একইসঙ্গে গোশালার মেঝেতে বিছিয়ে দেওয়া হবে খড়। গরুর পরিষেবা দেওয়া তাদের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।