রাশিয়া থেকে পাঁচটি মাল্টিরোল হেলিকপ্টার কিনেছে বাংলাদেশ

Rush-Bangladesh

রাশিয়ার কাছে থেকে পাঁচটি এমআই-১৭১ মাল্টিরোল হেলিকপ্টার কিনেছে বাংলাদেশ। রুশ হেলিকপ্টার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘রাশিয়ান হেলিকপ্টার্স’ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মস্কোভিত্তিক সংবাদমাধ্যম স্পুটনিক খবরটি নিশ্চিত করেছে।

 

‘রাশিয়ান হেলিকপ্টার্স’ এর বরাতে স্পুটনিকের খবরে বলা হয়, এই হেলিকপ্টারগুলোতে আধুনিক নেভিগেশন সিস্টেম যুক্ত রয়েছে। যে কারণে এগুলো যেকোন সময় যেকোন আবহাওয়ায় কাজ করতে সক্ষম।

 

স্পুটনিকের খবরে বলা হয়, ২০১৩ সালের শেষ দিকে রুশ রাষ্ট্রীয় অস্ত্র রফতানিকারক সংস্থা রোসোবোরোনেক্সপোর্ট’র সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী রাষ্ট্রীয় ঋণের আওতায় হেলিকপ্টারগুলো কিনেছে বাংলাদেশ।

 

রাশিয়ান হেলিকপ্টার্স এর বিবৃতির বরাতে স্পুটনিক জানায়, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে  হেলিকপ্টারগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষ এই হেলিকপ্টারগুলো জাতিসংঘের মানবিক কার্যক্রম ও মিশনে ব্যবহারের পরিকল্পনা করছে। সেই সঙ্গে যোগাযোগ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতেও এগুলো ব্যবহার করা হবে।

 

উল্লেখ্য চীন, ঘানা, ইন্দোনেশিয়া, পেরু, ব্রাজিল এবং কাজাকিস্তান-সহ বেশকিছু দেশ রাশিয়ার তৈরী এই হেলিকপ্টার ব্যবহার করে থাকে।

 

/বিএ/