ইরানে নতুন করে বিক্ষোভের আশঙ্কায় দেশটির বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেটে বিধিনিষেধ আরোপের খবর পাওয়া গেছে। এর ফলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে আর বিদেশি ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছে না। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
মঙ্গলবার দেশটির সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিক্ষোভের ডাক ছড়িয়ে পড়ার পরদিন বুধবার এ ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে গত মাসের গণবিক্ষোভে অংশ নিয়ে নিহত হওয়া ব্যক্তিদের স্বজনরা এ বিক্ষোভের ডাক দেন। বৃহস্পতিবার তাদের নিয়ে স্মরণসভারও ঘোষণা দেন স্বজনরা। মূলত এরপরই হার্ডলাইনে যায় কর্তৃপক্ষ।
এর আগে গত নভেম্বরে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ কঠোর হাতে দমন করে ইরান। এখন ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ আরোপের ফলে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়লেও সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও পোস্ট করা কিংবা বিক্ষোভকারীদের ওপর রাষ্ট্রীয় দমনপীড়নের ভিডিও দেওয়া কঠিন হয়ে পড়বে বলে প্রতীয়মান হচ্ছে।