ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দেশটির সাবালান পর্বতের কাছে যুদ্ধবিমান মিগ-২৯ বিধ্বস্ত হয়ে দুই পাইলট প্রাণ হারায়। সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে সামরিক বাহিনীর যুদ্ধবিমান মিগ-২৯ বিধ্বস্ত হয়ে দুই পাইলট দুর্ঘটনাস্থলে মারা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের সংবাদমাধ্যমের প্রকাশিত ফুটেজে দেখা যায়, তুষারাবৃত পর্বতের আশপাশে ধোঁয়া উড়ছে।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দূরবর্তী ওই পার্বত্য এলাকায় উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া ও তুষারাবৃত এলাকা হওয়ায় তল্লাশি অভিযান পরিচালনা করতে তাদের বেগ পেতে হচ্ছে।
এক বিবৃতিতে ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, আরদাবিল প্রদেশে একটি সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধারকারী সংস্থা ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।