ইরাকের প্রধানমন্ত্রী পদে প্রার্থী ঘোষণা ইরানপন্থীদের

ইরাকের প্রধানমন্ত্রী পদে প্রার্থী ঘোষণা করেছে দেশটির ইরানপন্থীদের জোট। দক্ষিণাঞ্চলীয় তেলসমৃদ্ধ বাসরা প্রদেশের গভর্নর আসাদ আল এইদানি-কে ইরান সমর্থিত জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। noname
এমন সময়ে এ প্রার্থী মনোনয়নের ঘটনা ঘটলো যার কিছুদিন আগেই ইরাকজুড়ে বিক্ষোভকারীরা দেশটিতে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে আওয়াজ তোলে। ওই সময় দফায় দেশটির ইরানি কনস্যুলেটেও হামলা করা হয়।

সম্প্রতি বাগদাদের দুই মিত্র ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইরাকের রাজনীতি ও সামরিক ক্ষেত্রে এই দুই দেশেরই প্রভাব রয়েছে। ফলে বহু ইরাকি নাগরিকের আশঙ্কা, আঞ্চলিক প্রভাবের জন্য বাগদাদ যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের মাঝে পড়ে যেতে পারে।

গত নভেম্বরে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদী পদত্যাগের ঘোষণা দেন। ফলে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন অপরিহার্য হয়ে পড়ে। আদেল আবদুল মাহদী বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইরানপন্থী জোটের মুখপাত্র আহমাদ আল আসাদি আল জাজিরা-কে বলেন, পার্লামেন্টের সবচেয়ে বড় শক্তি হিসেবেই তারা প্রধানমন্ত্রী পদে বাসরা প্রদেশের গভর্নরকে মনোনয়ন দিয়েছেন।

ইরাকের রাজনীতিতে ইরান সমর্থিত এ জোট বিনা ব্লক নামে পরিচিত। সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকি-ও এ জোটের সদস্য ছিলেন।