নির্বাচনি প্রচারে অংশ নিতে গিয়ে রকেট হামলার আশঙ্কায় আত্মরক্ষার্থে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২৫ ডিসেম্বর) দেশটির আশকালান শহরে একটি নির্বাচনি সভায় অংশ নিয়েছিলেন ৭০ বছর বয়সী নেতানিয়াহু। তবে মঞ্চে ওঠার কয়েক মিনিটের মধ্যে রকেট হামলার সাইরেন বেজে ওঠে। এরপরই তিনি তাড়াহুড়ো করে মঞ্চ থেকে নেমে যান এবং বিশেষ নিরাপদস্থানে অবস্থান নেন।
ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, ফিলিস্তিনি উপকূলীয় ছিটমহলটি থেকে ১২ কিলোমিটার দূরে আশকালান শহরে রকেট হামলা হয়েছে। ওই রকেট আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে ভূপাতিত করা হয়। তবে এই রকেট নিক্ষেপের দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি। এর আগে গত মাসে পাল্টাপাল্টি রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা আর ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের একটি সম্প্রচারমাধ্যমে বলা হয়েছে, নির্বাচনে রক্ষণশীল লিকুদ পার্টির প্রচারণায় অংশ নিতে গিয়েছিলেন নেতানিয়াহু। এসময় দেহরক্ষীতে ঘেরা ছিলেন তিনি। তবে সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গে তিনি গিয়ে আশ্রয়কেন্দ্রে আত্মগোপন করেন।
এর আগে, গত সেপ্টেম্বরেও আশদদে একবার এমন ঘটনা ঘটেছিল।