মার্কিন হামলায় ইরান ও ইরাকের সামরিক কমান্ডাররা নিহত হওয়ার পর ওই দুই দেশে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার ইরাকের বাগদাদ বিমানবন্দরে রকেট হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে এই সতর্কতা জারি করে ব্রিটেন। বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এক বিবৃতিতে বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে উত্তেজনা মারাত্মক বৃদ্ধি পাওয়ায় ইরাকে কুর্দি অঞ্চল বাদে অন্যান্য এলাকায় ব্রিটিশ জনগণকে ভ্রমণ না করার অনুরোধ করছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর। একই সঙ্গে ইরানে অতি প্রয়োজনে ভ্রমণ করলেও খুবই সতর্কতা অবলম্বন করতে হবে।’
শুক্রবার ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রকেট হামলা চালিয়ে ইরানের সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরানের মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহানদিসকে হত্যা করা হয়। এই হামলার প্রতিশোধের হুমকি দিয়েছে তেহরান। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের মধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন আশঙ্কা দেখা দিয়েছে।