চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে বেইজিং। শনিবার (১ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭৯১ জন। সংক্রমণ ঠেকানোর ধীর গতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির হুবেই প্রদেশের এক শীর্ষ নেতা।
চীনের ৩১টি প্রদেশের সবগুলো এবং বিশ্বের অন্তত ১৮টি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভাইরাস সংক্রমণের কারণে চীন ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে বেশ কিছু দেশ। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
চীনা নাগরিকদের অভিযোগ ভাইরাস ঠেকাতে কর্তৃপক্ষের নেওয়া ব্যবস্থা যথেষ্ট নয়। এক্ষেত্রে কর্তৃপক্ষের ধীর গতির কথা স্বীকার করে নিয়েছেন চীনা কমিউনিস্ট পার্টির উহান পৌর শাখার সেক্রেটারি মা গুয়োকিয়াং। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিকে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি অপরাধী, অনুতপ্ত বোধ করছি। আগেই যদি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা কঠোর করা হতো তাহলে এখন ফলাফল অনেক ভালো হতো’। তবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, এই সংকট কাটিয়ে ওঠার ক্ষমতা চীনের রয়েছে।