মধ্যপ্রাচ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ইসরায়েলের দখলদারিত্বকে বৈধতা দিয়েছে বলে মন্তব্য করেছেন মাহাথির মোহাম্মদ। তিনি বলেন, শান্তি পরিকল্পনায় শুধুমাত্রা ইসরায়েলি দখলদারিত্বকে বৈধতা দেওয়া হয়েছে। আর এড়িয়ে যাওয়া হয়েছে নিপীড়িত ফিলিস্তিনিদের অধিকারকে।
ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় ফিলিস্তিনের ঐতিহাসিক জেরুজালেম শহরকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। কেন্দ্রীয় শহর জেরুজালেমের বাইরের আবু দিস নামের একটি ছোট গ্রামকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে প্রস্তাব করা হয়েছে। ওই পরিকল্পনায় জর্ডান নদীর পশ্চিম তীরের অংশবিশেষ ও গাজা উপত্যকা নিয়ে নামমাত্র একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।
পার্লামেন্টারি সম্মেলনের শুরুতে মাহাথির বলেন, ট্রাম্প এই চুক্তি করার আগে ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনা করেননি। শুধুমাত্র ইসরায়েলি বাহিনীকে সমর্থন করেছে।
মালয়েশীয়রা সবসময়ই ফিলিস্তিনিদের সঙ্গে ছিলো উল্লেখ করে মাহাথির বলেন, ‘আমরা ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করি।’ তিনি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে নিপীড়ন, সহিংসতা এবং গণহত্যা বন্ধে এখনই পদক্ষেপ নিতে হবে।’ সেজন্য একটি সম্মেলনেরও আহ্বান জানান তিনি।