এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত ২০ জনকে হত্যার পর থাইল্যান্ডের উন্মত্ত সেনা সদস্য নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, কোরাট শহরের টার্মিনাল ২১ শপিং মলে ১৭ ঘণ্টা লুকিয়ে থাকার পর পুলিশের গুলিতে মারা গেছে ওই বন্দুকধারী। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে এই সেনা সদস্যের নিহতের কথা নিশ্চিত করেছে থাই পুলিশ প্রধান চাকথিপ চাইজিনদা।
স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে সুরাথামপিথাক সেনানিবাসে নিজের সিনিয়র কর্মকর্তা ও অপর দুই জনকে হত্যা করে অস্ত্র ও গোলাবারুদ চুরি করে একটি চোরাই গাড়ি নিয়ে টার্মিনাল ২১ শপিং মলে ঢুকে পড়ে জুনিয়র সেনা কর্মকর্তা জাকরাপান্থ থমা (৩২)। রাতভর শপিং মলে তাণ্ডব চালায় সে। তার গুলিতে অন্তত ২০ জন নিহত হন। নিরাপত্তা বাহিনী বেশ কয়েকবার চেষ্টা চালিয়েও তাকে নিরস্ত্র করতে ব্যর্থ হয়।
পুলিশ সূত্রকে উদ্ধৃত করে থাই সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে শপিংমলের বেজমেন্টে একটি দোকানের পাশে রবিবার সকালে ওই সেনা সদস্য পুলিশের গুলিতে নিহত হয়েছে।
থাইল্যান্ডের প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তারা রবিবার সকালে এক সংবাদসম্মেলনে জানিয়েছেন, নির্বিচার গুলিবর্ষণে অন্তত ২০ জন নিহত ও অপর ৪২ জন আহত হয়েছে।
আরও পড়ুন: এখনও চলছে থাইল্যান্ডের উন্মত্ত সেনার খোঁজে তল্লাশি