রাজনৈতিক সংকটের মুখে ইরাকের প্রধানমন্ত্রীর পদত্যাগ

রাজনৈতিক সংকটের মুখে ইরাকের প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ তৌসিফ আলাভি। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের চাপের মুখে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। রবিবার (১ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

010621f940ce4c6ba5f4c328f899f020_18

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির পদত্যাগের পর গত ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ তৌফিক আলাভি। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর গত এক মাসে দুইবার পার্লামেন্ট অধিবেশন বাতিল হয়েছে। দায়িত্ব নেওয়ার পর পার্লামেন্টের আস্থা অর্জনের চেষ্টা করেন তিনি। তবে বিভিন্ন সংকটের কারণে আস্থা অর্জনে ব্যর্থ হন। এমন পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। 

মোহাম্মদ তৌসিফ আলাভি এক বিবৃতিতে প্রেসিডেন্ট বারহাম সলিহকে জানিয়েছেন, ‘দেশের বর্তমান সংকট সমাধানে এবং অজানা সমস্যায় পড়া থেকে দেশকে রক্ষায় সম্ভাব্য সব উপায়ে চেষ্টা করেছি আমি। এসব বিষয়ের আলোচনার সময় আমাকে এমন কিছু বিষয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যাতে দেশের কোনও স্বার্থ নেই। এমন কিছু পক্ষ আছে, যারা দেশের বর্তমান অবস্থার পরিবর্তনের দাবির আন্দোলনে নিহতদের রক্তের মূল্যায়ন বা দেশের জাতীয় স্বার্থ বাদ দিয়ে লক্ষ্য অর্জন করতে চায়।’

উল্লেখ্য, ইরাকের বর্তমান রাজনৈতিক অবস্থার পরিবর্তনের দাবিতে গত অক্টোবর থেকে রাজধানীসহ বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। এসব বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ অন্তত ৫ শতাধিক বিক্ষোভকারী নিহত এবং অন্তত ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। এরপর প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি পদত্যাগ করেন।

এ দিকে ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, তিনি মোহাম্মদ তৌফিক আলাভির পদত্যাগপত্র গ্রহণ করবেন। আর আগামী ১৫ দিনের মধ্যে অন্য কাউকে ইরাকের প্রধানমন্ত্রীর দায়িত্বে নিয়োগ দেবেন।

ইরাকের আইন অনুযায়ী, নতুন প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা গঠন করে তা পার্লামেন্টে পেশ করতে হয়। এরপর অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার ওপর আস্থাভোট। আর আস্থাভোটে প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমর্থন না পেলে ওই মন্ত্রিসভা বাতিল হিসেবে গণ্য হয়।