জাতিসংঘের একটি কমিশন বলেছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে মেডিক্যাল স্থাপনায় হামলা চালিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনী যুদ্ধাপরাধ করেছে। সিরিয়ার গৃহযুদ্ধ তদন্তে গঠিত জাতিসংঘ কমিশনের সর্বশেষ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। কমিশন বলেছে, গত বছরের আগস্টের দিকে বোমাবর্ষণের ঘটনায় রুশ যুদ্ধবিমান জড়িত রয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে।
গত বছরের জুন থেকে এই বছরের জানুয়ারি পর্যন্ত সিরিয়া যুদ্ধের পরিস্থিতি নিয়ে সোমবার প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের তদন্ত কমিশন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মেডিক্যাল স্থাপনায় বারবার হামলা চালিয়েছে সরকারি বাহিনী। সুরক্ষিত স্থাপনায় এবং মেডিক্যাল কর্মকর্তাদের ওপর উদ্দেশ্যমূলক হামলা চালানো হয়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের কমিশনার হ্যানি মেগালি বলেন, বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে নিজেদের কার্যক্রমের বিষয়ে খুব সতর্ক থাকার চেষ্টা করেছে তুরস্ক। কমিশনের প্রধান পাওলো সার্জিও পিনহাইরো বলেন, প্রায় নয় বছর পরও সিরিয়ার নারী, শিশু ও পুরুষরা অবর্ণনীয় মাত্রায় দুর্ভোগ ও কষ্ট ভোগ করে চলেছেন।
তুর্কি সীমান্তবর্তী উত্তর-পূর্ব সিরিয়ায় সাম্প্রতিক যুদ্ধে বাস্তুচ্যুত লাখ লাখ মানুষকে সহায়তার বিষয়ে পরিকল্পনা পর্যালোচনার কথা জানিয়েছে জাতিসংঘ। কমিশনের প্রধান পাওলো সার্জিও পিনহাইরো বলেন, এসব মানুষকে সহায়তা দেওয়া নিয়ে কেউ এখন পর্যন্ত নিরাপত্তা পরিষদের সঙ্গে আলোচনা করেনি। সেটা করা তাদের দায়িত্ব। তিনি বলেন, মানবিক সহায়তা দিতে অনুমোদনের অপেক্ষা করবো না। এটা নিশ্চিত করতে হবে।