করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর ঐতিহাসিক মসজিদুল হারামে কাবা শরিফ চত্বরে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ব্রিটিশ দৈনিক সানডে এক্সপ্রেস বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, কাবা শরিফ ধোঁয়া-মোছার কাজ চলছে।
মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা মক্কার পবিত্র গ্রান্ড মসজিদ। এই মসজিদের প্রাণকেন্দ্রে কাবা শরিফের অবস্থান। বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করায় সৌদি আরব এর আগে বিদেশি এবং নিজ দেশের নাগরিকদের পবিত্র ওমরাহ পালন স্থগিতের ঘোষণা দেয়।
বৃহস্পতিবার ইসলামি চিন্তাবিদ ইয়াসির কাধি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ারকৃত এক বার্তায় বলেছেন, ‘সুবহান আল্লাহ, পবিত্র কাবা এখন জনমানবশূন্য। তাওয়াফ বন্ধ রয়েছে। করোনা ভাইরাস আতঙ্কে কর্তৃপক্ষ এটি পরিষ্কার করছেন। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।’
এদিকে কাবা শরিফকে প্রথমবারের মতো জনমানবশূন্য দেখে অনেকেই অবাক হয়েছেন। টুইটারে একজন লিখেছেন, ‘আমার জীবনে প্রথমবারের মতো কাবা শরিফকে খালি দেখলাম’। আরেকজন লিখেছেন, ‘একেবারেই বিরল ঘটনা’। অপর এক টুইট ব্যবহারকারী লিখেছেন, ‘এটা আমি কখনও কল্পনাও করতে পারি নাই।’
এর আগে সোমবার প্রথমবারের মতো সৌদিতে একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় সৌদি কর্তৃপক্ষ। পরে বুধবার আরও এক সৌদি নাগরিককে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়।