করোনা ভাইরাস আতঙ্কে ১৩ মার্চ শুক্রবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জুমার নামাজে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে এ ব্যবস্থা নিয়েছে ধর্মীয় কর্তৃপক্ষ। কোথাও কোথাও জুমার নামাজ বাতিল করা হয়েছে। কোথাও আবার সীমিত আকারে অনুমতি মিলেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
কুয়েতে ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে মুসল্লিদের ঘরে নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ধর্মীয় কর্তৃপক্ষ।
ইসরায়েল কর্তৃক দখলকৃত জেরুজালেমে মুসলিম, খ্রিস্টান ও ইহুদি নেতারা প্রথমে ইবাদত অব্যাহত রাখার কথা জানান। তবে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০০ জনের বেশি মানুষকে একত্রিত না হওয়ার পরামর্শ দেওয়া হলে তারাও ভিড় ঠেকানোর ব্যাপারে উদ্যোগী হন।
মক্কা, মদিনার পর ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, স্বাভাবিকভাবেই জুমার নামাজ অনুষ্ঠিত হবে। তবে মুসল্লিদের মসজিদের বাইরের আঙ্গিনায় নামাজ পড়তে এবং ভিতরে ভিড় করা থেকে বিরত থাকতে উৎসাহিত করা হয়। এছাড়া বৃদ্ধ ও অসুস্থদের ভিড় না করার পরামর্শ দেওয়া হয়।
মিসরে ১৫ মিনিটের মধ্যে জুমার নামাজের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিক অবস্থায় এক্ষেত্রে ঘণ্টাখানেকের মতো সময় লাগে।
চীন ও ইতালির পর করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইরান। দেশটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রিসভার একাধিক সদস্য, এমপি, রেভুল্যুশনারি গার্ডের সদস্য এবং স্বাস্থ্য দফতরের একাধিক কর্মকর্তাও এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার দেশটির বড় শহরগুলোতে জুমার নামাজ বাতিল করা হয়। গত সপ্তাহেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল।
ইরাকে এ পর্যন্ত অন্তত ৮০ জন নিশ্চিতভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। দেশটির পবিত্র নগরী কারবালা এবং উত্তরাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত এলাকায় জুমার নামাজ বাতিল করা হয়েছে। কারবালায় গত সপ্তাহেও জুমার নামাজ বাতিল করে শিয়া ধর্মীয় কর্তৃপক্ষ।
গত সপ্তাহেই ইরাকের সবচেয়ে প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী আল সিস্তানি বিপুল সংখ্যক লোকজন সমবেত হয়ে নামাজ না আদায়ের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
লেবাননে শিয়া মসজিদগুলোতে জুমার নামাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আক্রান্তদের জুমায় অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির শীর্ষ সুন্নি কর্তৃপক্ষ। বয়স্ক ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম; এমন ব্যক্তিদের ঘরে বসে নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে।
এর আগে গত মাসের শেষ দিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওমরাহ হজ পালন সাময়িকভাবে নিষিদ্ধ করার ঘোষণা দেয় সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাইরে থেকে মক্কা ও মদিনায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমিত দেশগুলো থেকে পর্যটক ভিসা নিয়ে যাওয়া ব্যক্তিদেরও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো-র হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় ১৩ মার্চ দিবাগত রাত পর্যন্ত বিশ্বব্যাপী এক লাখ ৪৪ হাজার ৪৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ৩৯৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৭০ হাজার ৯২০ জন। চীনের পর সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, স্পেন ও জার্মানির মতো দেশগুলোতে। এখন পর্যন্ত অন্তত ১২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে এ ভাইরাস।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এক পর্যায়ে ২০২০ সালের ১১ মার্চ এ ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে মহামারি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।