আইএস’র বিরুদ্ধে শক্তি বৃদ্ধি: যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান জার্মানির

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলো মেরকেল ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে আরও সামরিক সহায়তার বৃদ্ধির করার জন্য যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। রবিবার জার্মানির জেডডিএফ সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানান মের্কেল।

যুক্তরাষ্ট্রের অনুরোধের বিষয়ে জানতে চাইলে মের্কেল বলেন, ‘ আমি মনেকরি জার্মানি তার ভূমিকা যথাযথভাবে পালন করছে। এই মুহূর্তে এ বিষয়ে নতুন কিছু আলোচনার নেই।’

এর আগে শনিবার জার্মানির এক সাময়িকীর প্রতিবেদনে বলা হয়, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে জার্মানিকে বড় ধরনের সামরিক ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার একটি চিঠি পাঠিয়েছেন। 

প্রতিবেদনে আরও বলা হয়, চিঠিতে নির্দিষ্ট কোনও দাবি জানানো হয়নি। যুক্তরাষ্ট্র অন্য মিত্রদের যে ধরনের অনুরোধ জানিয়েছে, জার্মানিকেও একই অনুরোধ জানানো হয়েছে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র যুক্তরাষ্ট্রের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, চিঠিতে যা আছে তা বিবেচনা করে দেখা হচ্ছে।

সম্প্রতি সিরিয়ায় আইএসবিরোধী লড়াইয়ে অংশ নেওয়ার একটি পরিকল্পনা অনুমোদন করে দেশটির পার্লামেন্ট।  প্যারিসে জঙ্গি হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ফ্রান্সের আবেদনে সাড়া দিয়ে আইএসবিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘোষণা দেয় দেশটি। পার্লামেন্টের অনুমোদনের পর ছয়টি টর্নেডো গোয়েন্দা জেট বিমান, ফ্রান্সের বিমানবাহী রণতরী শার্ল দ্য গলকে পাহারার জন্য একটি ফ্রিগ্রেট, জ্বালানি সরবরাহকারী বিমান ও ১২০০ সেনা পাঠায় জার্মানি। কিন্তু সিরিয়ায় সরাসরি বিমান হামলা চালানোর কোনও পরিকল্পনা করেনি জার্মানি।

বর্তমানে জার্মানির তিন হাজারেরও বেশি সেনা বিদেশে মোতায়েন আছে। সিরিয়া অভিযানে অংশ নেওয়ার মাধ্যমে এই সংখ্যা চার হাজার দুইশতে উন্নীত হয়েছে। সূত্র: রয়টার্স।

/এএ/