সন্ত্রাসবাদ মোকাবেলায় ৩৪ দেশের সামরিক জোট ঘোষণা সৌদির

সন্ত্রাসবাদ মোকাবেলার কথা বলে ৩৪টি দেশের এক সমন্বিত সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
ওই বিবৃতিত বলা হয়, সন্ত্রাসবাদ মোকাবেলায় ওই ৩৪টি দেশ সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট গঠন করবে। রিয়াদ থেকে ওই সামরিক অভিযান পরিচালনা এবং সমন্বয় করা হবে।
জোটের মধ্যে আরব দেশ মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ইসলামিক দেশ তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, উপসাগরীয় আরব দেশ ও আফ্রিকার মুসলিম দেশগুলো রয়েছে। তবে সৌদি আরবের সঙ্গে বৈরিতার সম্পর্কে সম্পর্কিত ইরান ওই জোটে নেই।
জোটের যৌথ বিবৃতিতে বলা হয়, সব ধরনের সন্ত্রাসী গ্রুপ ও সংগঠনের হাত থেকে মুসলিম জাতিগুলোকে রক্ষা করতেই ওই জোট গঠন করা হয়েছে।
উল্লেখ্য, বেশ কিছুদিন হলো ইরাক ও সিরিয়াভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে সৌদি আরবের কঠোর ভূমিকা না থাকার ব্যাপারে সরব হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে এক বিরল সংবাদ সম্মেলনে মঙ্গলবার সৌদি প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরাক, সিরিয়া, লিবিয়া, মিশর এবং আফগানিস্তানে সন্ত্রাসবাদ মোকাবেলায় সামরিক উদ্যোগ নেয়ার কথা জানান। তবে সেই সামরিক অভিযান কেমন হবে, তা নিয়ে কোন স্পষ্ট ধারণা দেননি তিনি।

/বিএ/

/আপ: আরএ/