করোনাভাইরাস মোকাবিলায় আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে মিয়ানমার। শনিবার দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি তার সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গত ২৯ মার্চ থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা ১৩ এপ্রিল পর্যন্ত বহাল থাকার কথা ছিল। তবে শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে সু চি জানান, আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। একপর্যায়ে ভাইরাসটি নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, মিয়ানমারের সরকারি হিসাবে দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৮। এরমধ্যে তিন জনের মৃত্যু হয়েছে।