ক্লোরোকুইনের পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মক: রিটা উইলসন

করোনাভাইরাসের পরীক্ষামূলক একটি ওষুধ গ্রহণের পর মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হয়েছেন মার্কিন গায়িকা রিটা উইলসন। মহামারির আকার নেওয়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সেখানে তার ওপর ক্লোরোকুইন নামে একটি পরীক্ষামূলক ওষুধ প্রয়োগ করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।টম হ্যাঙ্কস ও রিটা উইলসন

প্রবাদপ্রতীম গায়ক এলভিস প্রিসলিকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের কাজে গত মার্চে অস্ট্রেলিয়ায় যান রিটা উইলসন ও স্বামী অভিনেতা টম হ্যাঙ্কস। গত ১২ মার্চ তাদের করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। পরে তাদের কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

ক্লোরোকুইন ও হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ দুটি মূলত ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার হয়। করোনাভাইরাসের এখন পর্যন্ত কোনও স্বীকৃত ওষুধ আবিষ্কৃত না হওয়ায় পরীক্ষামূলক হিসেবে এগুলো বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে। করোনার চিকিৎসায় এগুলোর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত নন বিশেষজ্ঞরা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই এগুলোকে ‘গেমচেঞ্জার’ আখ্যা দিয়েছেন। হাইড্রোক্সিক্লোরোকুইন এর প্রধান উৎপাদক ভারতকে চাপ দিয়ে বেশ কিছু আমদানিও সেরে ফেলেছেন তিনি।

অস্ট্রেলিয়ার হাসপাতালে ক্লোরোকুইন গ্রহণের পর জ্বর কমেছিল বলে জানিয়েছেন রিটা উইলসন। মার্কিন টিভি চ্যানেল সিবিএসকে তিনি বলেন, 'তারা আমাকে ক্লোরোকুইন দেয়। আমি জানি মানুষ এই ওষুধ নিয়ে কথা বলছে। তবে আমি শুধু বলতে পারি- ওষুধটি কাজ করেছে কিনা তা আমি জানি না।' তিনি বলেন, ‘আমার জ্বর কমেছিল কিন্তু ক্লোরোকুইনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া আছে, যেমন আমার প্রচণ্ড বমি বমি পাচ্ছিল, মাথা ঘুরছিলো আর আমার মাংসপেশী দুর্বল হয়ে পড়ে। আমার মনে হয় ওষুধটি নিয়ে মানুষকে খুব বেশি বিবেচনা করতে হবে।’

টম হ্যাঙ্কস ও রিটা উইলসনের ওপর ক্লোরোকুইন প্রয়োগ করা হয়েছিল কিনা তা নিশ্চিত করেননি গোল্ড কোস্ট ইউনিভার্সিটি হাসপাতালের এক মুখপাত্র। তবে নির্দিষ্ট কিছু রোগীর ওপর এগুলো প্রয়োগ করা হয় বলে জানান তিনি।

অস্ট্রেলিয়ার গবেষকরাও বলছেন, ক্লোরোকুইনের জীবনকে হুমকির মুখে ফেলার মতো পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এই ওষুধ প্রয়োগে হার্টের ক্ষতি হতে পারে বলেও সতর্ক করেছেন তারা।

উল্লেখ্য, গত মার্চে ট্রাম্পের পরামর্শের পর যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে এক ব্যক্তি ক্লোরোকুইন ফসফেট গ্রহণের পর প্রাণ হারায়। এই ক্যামিকেলটি সাধারণত মাছের ট্যাংক পরিষ্কারে ব্যবহার হয়।