ইসরায়েলে রাজনৈতিক সংকটের অবসান, নেতানিয়াহু-গান্তজের চুক্তি স্বাক্ষর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি বেনি গান্তজ একটি জরুরি জোট সরকার গঠনের চুক্তি স্বাক্ষর করেছেন। সোমবার তিন বছর মেয়াদী এই চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী প্রথম দেড় বছর প্রধানমন্ত্রী থাকবেন নেতানিয়াহু আর বাকি সময় এই দায়িত্ব পালন করবেন সাবেক সেনা প্রধান বেনি গান্তজ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই চুক্তির মধ্য দিয়ে দেশটির ইতিহাসে অন্যতম দীর্ঘায়িত রাজনৈতিক সংকটের অবসান ঘটলো।noname

১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে সরকার গঠন করতে অন্তত ৬১ আসন পাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা বা জোট সরকার গঠনের সমঝোতা করতে ব্যর্থ হওয়ায় গত এক বছরের মধ্যে দেশটিতে তিন দফায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত ২ মার্চ দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

গত মাসে লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ও ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা বেনি গান্তজ একটি জোট সরকার গঠনের চেষ্টা করবেন বলে জানান। সোমবার ক্ষমতা ভাগাভাগির ওই চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তি অনুযায়ী, প্রথম দেড় বছর নেতানিয়াহু প্রধানমন্ত্রী থাকলেও পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে গান্তজের ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি। তবে বিচার বিভাগে নিয়ন্ত্রণের ওপর প্রভাব বিস্তারের সুযোগ পাবে নেতানিয়াহুর দল। দুর্নীতির মামলায় বিচার শুরুর অপেক্ষায় থাকা নেতানিয়াহুর জোট সরকার গঠনের অন্যতম দাবি ছিলো এই প্রভাব বিস্তারের সুযোগ।

গত ১১ বছর ধরে টানা ইসরায়েলের প্রধানমন্ত্রী রয়েছেন নেতানিয়াহু। তার বিরুদ্ধে বর্তমানে ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মামলা চলমান রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির সঙ্গে জোট গঠনের পর এক টুইট বার্তায় তিনি বলেছেন, ইসরায়েলের নাগরিকদের জীবন ও জীবিকা রক্ষায় কাজ করবে তাদের এই জরুরি জোট সরকার।

নির্বাচনি প্রচারের সময় দুর্নীতির দায়ে অভিযুক্ত কারোর সঙ্গে সরকার গঠন করবেন না বলে জানিয়ে আসছিলেন বেনি গান্তজ। তবে সম্প্রতি সেই অবস্থান থেকে সরে এসে বলেছেন, করোনাভাইরাসের সংকটের কারণে একটি জরুরি জোট সরকার গঠন অপরিহার্য হয়ে উঠেছে। চুক্তি স্বাক্ষরের পর এক টুইট বার্তায় তিনি বলেন, আমরা চতুর্থ দফার নির্বাচন ঠেকিয়েছি। গণতন্ত্র রক্ষা করেছি। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়বো আর ইসরায়েলি নাগরিকদের রক্ষা করবো।’

উল্লেখ্য, ইসরায়েলে এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭৩ জনের।