করোনাভাইরাস: আন্তর্জাতিক তদন্তের দাবি নাকচ করলো চীন

করোনাভাইরাসের উৎস শনাক্তে আন্তর্জাতিক তদন্তের দাবি নাকচ করে দিয়েছে চীন। দেশটির একজন শীর্ষ কূটনীতিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, তদন্তের ওই দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটি মেনে নেওয়ার মানে হলো করোনা মোকাবিলার গুরুত্বপূর্ণ কাজ থেকে মনোযোগ সরিয়ে নেওয়া।

noname

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিবেদনে চীনের বিরুদ্ধে করোনাভাইরাস নিয়ে মিথ্যা বক্তব্য ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে। কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,  ‘চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের সরকারি গবেষোগার থেকে এই ভাইরাসের উৎপত্তি কিনা তা খতিয়ে দেখছে তার প্রশাসন। যুক্তরাষ্ট্রে চীনের বিরুদ্ধে মামলাও হয়েছে। ট্রাম্পের ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া ও জার্মানিও সামিল হয়েছে চীনবিরোধী অবস্থানে।  

তবে যুক্তরাজ্যে চীনের শীর্ষ কূটনীতিক চেন ওয়েন বিবিসিকে বলেছেন, আন্তর্জাতিক তদন্তের ব্যাপারে সম্মত নয় তার দেশ। শুক্রবার তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা ভাইরাস মোকাবিলায় ব্যস্ত। আমাদের সমস্ত মনোযোগ আর শক্তি আমরা ভাইরাস মোকাবিলার কাজে ব্যয় করছি। কেন এ নিয়ে তদন্তের প্রশ্ন আসে? এতে মনোযোগ অন্যদিকে সরে যাবে।’

চেন ওয়েন আন্তর্জাতিক তদন্তের দাবি প্রসঙ্গে আরও বলেন, ‘আমার মনে হয় এই ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উদ্যোগের ব্যাপারে কোনও দেশই সম্মতি দেবে না। এই ধারার তদন্তে কারও কোনও উপকার হবে না।’

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।