ইরানের সব মসজিদ খুলছে মঙ্গলবার

করোনাভাইরাসের মহামারি রোধে আরোপ করা কঠোর বিধিনিষেধ আরও শিথিলের পরিকল্পনা করছে ইরান।  মঙ্গলবার (১২ মে) থেকে খুলে দেওয়া হচ্ছে দেশটির সব মসজিদ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক ডেভেলপমেন্টের পরিচালক মোহাম্মদ কউমি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি এই খবর জানিয়েছে।noname

করোনাভাইরাসের মহামারিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইরান। দেশটিতে মোট এক লাখ ৯ হাজার ২৮৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে ছয় হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্তের সংখ্যা কমে আসতে থাকায় সম্প্রতি ধারাবাহিকভাবে বিধিনিষেধ তুলে নেওয়া শুরু করেছে ইরান।

প্রায় দুই মাস বন্ধ থাকার পর গত শুক্রবার ইরানের প্রায় ১৮০টি শহরের মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। তবে রাজধানী তেহরানসহ কয়েকটি বড় শহরে এখনও জুমার নামাজ নিষিদ্ধ রয়েছে। এছাড়া ভাইরাস সংক্রমণ তুলনামূলকভাবে কমে গেছে এমন ১৩২টি মসজিদে গত সপ্তাহের সোমবার থেকে খুলে দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার থেকে খুলে দেওয়া হচ্ছে দেশটির সব মসজিদ।

ইরান ইতোমধ্যে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বড় বড় শপিং মলগুলোও খুলে দেওয়া হয়েছে। এছাড়া আগামী সপ্তাহ থেকে চালু হবে দেশটির সব স্কুল।