দুনিয়াজুড়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিন লাখ ৫৭ হাজার ৪৩২। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক এক লাখ দুই হাজার ১০৭ জনই যুক্তরাষ্ট্রের। দেশটিতে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। এমন পরিস্থিতিতেও স্বাধীনতা দিবস উদযাপনের পরিকল্পনায় অনড় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক বিবৃতিতে দেশটির আইনপ্রণেতারা বলেছেন, এমন আয়োজনে যত মানুষের সমাগম হয়ে থাকে, তত মানুষকে নিরাপদ রাখা এই মুহূর্তে প্রায় অসম্ভব।
এদিকে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, স্বাধীনতা দিবস উদযাপনের পরিকল্পনা থেকে বিন্দুমাত্র পিছপা হননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট চান স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতা দিবস উদযাপন করা হোক।
স্বাধীনতা দিবসের এখনও এক মাসের কিছুটা বেশি সময় বাকি। দৃশ্যত এই সময়ে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির কতটা উন্নতি হয় তার ওপরই নির্ভর করছে উদযাপন।
ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার শহর থেকে করোনাভাইরাস নিশ্চিহ্ন করতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা জরুরি বলে মনে করছেন। হোয়াইট হাউসের সঙ্গে ভিন্নমত পোষণ করে তিনি জানিয়েছেন, অদূর ভবিষ্যতে বড় জমায়েতের অনুমতি দেওয়ার কোনও ইচ্ছা নগর কর্তৃপক্ষের নেই। সূত্র: ডিডব্লিউ।