মজা করতে গিয়ে ৩ দিনের জেল কিশোরের

ভারতীয় কিশোরনিছক মজা করতে গিয়েই ৩ দিন জেলে থাকতে হলো ভারতীয় এক শিখ কিশোরকে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে এই ঘটনা ঘটেছে।

আরমান সিংহ সারাই নামের ওই কিশোর এক সহপাঠীকে মজা করেই বলেছিল তার ব্যাগে নাকি বোমা আছে। ইচ্ছা হলেই সে স্কুল বিল্ডিংটা উড়িয়ে দিতে পারে। খেলার ছলে বলা এই কথা প্রিন্সিপালের কানে যাওয়ার পরেই ঘটে বিপত্তি। আরমানের পরিবারের অভিযোগ কোনও রকম খোঁজ খবর না নিয়েই স্কুল প্রিন্সিপাল পুলিশকে ডেকে আনেন।

পুলিশও প্রিন্সিপালের অভিযোগের ভিত্তিতে আরমানকে জেলে নেয়।আরমানকে জেলে পাঠানোর পরেও স্কুল কর্তৃপক্ষ তার বাড়িতে কোনও খবরই পাঠায়নি। ছুটির অনেক পরেও ছেলে বাড়ি না ফেরায়, বাবা-মা পাগলের মত এখানে ওখানে খোঁজ করতে থাকেন। ওই অঞ্চলের সমস্ত পুলিশ স্টেশনে ফোন করতে করতে অবশেষে তারা জানতে পারেন একটি জুভেনাইল কারাগারে বন্দি সে।

‘কোনও কারণ ছাড়াই আরমানকে পুলিশ তিন দিন আটক করে রাখল।’ আরমানের দিদি জিনি হোর এই পোস্ট করার পর শুক্রবার সকালের মধ্যে ফেসবুকে শেয়ার হয়েছে ৮ হাজার বার।

সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আরমানের সহপাঠীদের অভিযোগ, আরও অনেকেই এই এক ব্যাপারে মজা করলেও শুধু ভারতীয় হওয়ার কারণেই ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে যায়। সূত্র: আনন্দবাজার

 

/বিএ/

 

আপ: /এফইউ/