ভারতের বিতর্কিত ধর্মপ্রচারক রামদেব দাবি করেছেন, অশ্বগন্ধা আর গুলঞ্চ করোনাভাইরাস সংক্রমণ রুখতে পারে। তার দাবি, এই দুই ওষুধই শতভাগ সফলভাবে করোনা প্রতিরোধ করতে পারে।
এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনও গ্রহণযোগ্য প্রতিষেধক কিংবা ভ্যাকসিন নেই। বিশ্বজুড়ে এ নিয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিভিন্ন টিকা-ওষুধ, প্ল্যাজমা থেরাপি কিংবা অ্যান্টিবডি নিয়ে পরীক্ষা চলমান রয়েছে। এমন সময়ে রামদেব করোনার ওষুধ বাতলে দিয়েছেন!
পতঞ্জলির প্রতিষ্ঠাতা রামদেব বলেছেন, প্রচণ্ড সংক্রামক এই রোগ সেরে যেতে পারে গুলঞ্চ আর অশ্বগন্ধায়। তার ভাষায়, শরীরে জীবাণু যখন প্রবেশ করে, তা পুরো সিস্টেমের কাজকর্ম নষ্ট করে দেয় ও দিন দিন বেশি করে কোষ সংক্রমিত হয় তাতে।
রামদেব বলেন, সংক্রমণের এই চেইন ভাঙতে গুলঞ্চ শতভাগ সফল হবে। এমনকি করোনা রোগীদের ওপর নাকি গুলঞ্চ ও অশ্বগন্ধা প্রয়োগও করা হয়েছে। আর যারা এই ওষুধ খেয়েছেন, তারা প্রত্যেকেই সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যুর হার শূন্য শতাংশ।
এর আগে গত এপ্রিল মাসে রামদেব দাবি করেছিলেন যে, নাক দিয়ে সরিষার তেল দিলেই নাকি মরে যাবে করোনা। তার ভাষায়, নাকে সরিষার তেল দিলেই করোনাভাইরাস সোজা চলে যাবে পাকস্থলীতে। এরপর পাকস্থলীতে থাকা অ্যাসিডের প্রভাবেই ভাইরাস পুরোপুরি নষ্ট হয়ে যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা