সৌদিতে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে চার হাজার ৩০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে মারা গেছে আরও ৪৫ জন।noname

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, সৌদি আরবে এখন পর্যন্ত মোট এক লাখ ৫০ হাজার ২৯২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে এক হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৯৫ হাজার ৭৬৪।

করোনাভাইরাস মোকাবিলায় সৌদি সরকার দেশজুড়ে যে কারফিউ জারি করেছিল রবিবার থেকে তা তুলে নেওয়া হচ্ছে। তবে মক্কা ও জেদ্দায় কারফিউ বহাল থাকবে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।