যুক্তরাজ্যেও প্যারিস স্টাইলে হামলার পরিকল্পনা আইএস'র!

Uk ISসিরিয়ায় সশস্ত্র সুন্নিপন্থি সংগঠন আইএস’র বিরুদ্ধে বিমান হামলা শুরু করায় প্রতিশোধ হিসেবে যুক্তরাজ্যেও প্যারিস স্টাইলে হামলার পরিকল্পনা করছে সশস্ত্র সংগঠনটি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ প্রচারিত একটি প্রতিবেদনের বরাতে খবরটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
অসমর্থিত সূত্রের বরাতে সন্ত্রাসবাদবিষয়ক বিশ্লেষক পল ক্রুইশাঙ্ক জানান, ‌পরবর্তী হামলার জন্য আইএস যুক্তরাষ্ট্রকে বাছাই করেছে বলে ইউরোপীয় নিরাপত্তা সংস্থার কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।  যুক্তরাজ্যে প্যারিস স্টাইলে হামলার জন্য আইএস-এ তৎপর থাকা ব্রিটিশ যোদ্ধাদের দায়িত্ব দেয়া হয়েছে এবং দেশে পাঠানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
পল বলেন, ‌‘সম্প্রতি আইএস’র বিরুদ্ধে বিমান হামলা চালানোর ব্যাপারে ব্রিটিশ হাউজ অব কমন্সের ভোটাভুটি ও অনুমোদনের পর থেকেই এক ধরনের উদ্বেগ চলছে। কোন সময়ে এ হুমকি কিংবা হামলা কার্যকর করার পরিকল্পনা চলছে সে ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত মেলেনি। তবে সামনের সপ্তাহগুলো অনেক বেশি ঝুঁকিপূর্ণ।’  
গত মাসে আইএস’র হয়ে শিরোশ্ছেদকারী পূর্ব লন্ডনের অধিবাসী জিহাদি জনের সহযোগী আইনে ডেভিস তুরস্কে গ্রেপ্তার হওয়ার পর থেকে আইএস তরফে বিভিন্ন হুমকি আসছে বলে উল্লেখ করেছে দ্য সান।

/এফইউ/