ত্বকের রং নিয়ে নেতিবাচক ধারণা প্রচার করায় সমালোচনার মুখে পড়ে রং ফর্সাকারী ক্রিম বলে পরিচিত পণ্য ‘ফেয়ার অ্যান্ড লাভলি’র নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার। কোম্পানিটি স্বীকার করে নিয়েছে যে, এই নামটি সৌন্দর্যের একটি আদর্শকেই প্রতিফলিত করে। ফলে পণ্যটির নামে আর ফর্সাকারী বা উজ্জ্বলকারী উল্লেখ থাকবে না। গত কয়েক দশক ধরে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে ব্যাপকভাবে বিক্রি হয়ে আসছে ইউনিলিভারের এই পণ্যটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বিশ্ব জুড়ে চলা বর্ণবাদবিরোধী আন্দোলনের মধ্যে ইউনিলিভারের ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ ক্রিমের নামকরণ নিয়ে সমালোচনা শুরু হয়। গত কয়েক সপ্তাহের মধ্যে দু্টি আলাদা আবেদনে পণ্যটির উৎপাদন বন্ধ করতে ইউনিলিভারের প্রতি আহ্বান জানায় ১৮ হাজারের বেশি স্বাক্ষরকারী। এসব আবেদনে বলা হয়, এই পণ্যের মাধ্যমে বর্ণবাদ সুবিধা পাচ্ছে এবং কালোবিরোধী মনোভাব উসকানি পাচ্ছে।
ইউনিলিভারের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের প্রেসিডেন্ট সানি জৈন বলেন, ‘আমরা স্বীকার করছি ফেয়ার, হোয়াইট এবং লাইট শব্দের ব্যবহার সৌন্দর্যের একটি আদর্শকে নির্দেশ করে। আমরা তা সঠিক মনে করি না আর তা স্বীকার করে নিতে চাই।’ ইউনিলিভার বলছে তাদের পণ্যটি কোনও সময়ই পরিষ্কারকারক পণ্য ছিল না।