ইরানে করোনায় নতুন করে আরও ২১৬ জনের মৃত্যু

ইরানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলছে। রবিবার দেশটিতে নতুন করে আরও দুই হাজার ৩৩৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ২১৬ জনের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

কর্মকর্তারা জানিয়েছে, গত মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে দেশটিতে সংক্রমণ বেড়েই চলেছে।

সংক্রমণ কমে আসায় ইরানে এপ্রিল মাস থেকে লকডাউন শিথিল করা হয়েছিল। তখন থেকে মসজিদ, দোকানপাট খুলে দেওয়ার পাশাপাশি এক প্রদেশ থেকে আরেক প্রদেশে চলাচলেরও অনুমতি দেওয়া হয়।

মহামারির শুরুতে সংক্রমণ শুধু কওম শহর ও রাজধানী তেহরানে সীমাবদ্ধ ছিল। পরে এই ভইরাস দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে। বিশেষ করে ইরাকের সীমান্তবর্তী খুজেস্তান প্রদেশে।

প্রেসিডেন্ট হাসান রুহানি লোকজনকে গণপরিবহনে চলাচল ও জনাকীর্ণ এলাকায় মাস্ক পরার নির্দেশ দিয়েছেন।

রাজধানী তেহরানেও কর্তৃপক্ষ নতুন করে কিছু বিধি-নিষেধ আরোপ করেছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার-এর হিসাব অনুযায়ী, ইরানে এখন পর্যন্ত দুই লাখ ৯১ হাজার ১৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে।