সিরিয়ার সাংবিধানিক কমিটির তৃতীয় দফার বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার জাতিসংঘের বিশেষ দূতের পাঠানো এ আমন্ত্রণকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন ও মস্কো। আগামী ২৪ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে নিঃশর্তভাবে সিরিয়ার খসড়া সংবিধান প্রণয়ন কমিটির এ বৈঠকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ দূত।
তিনি বলেন, আমি অবশ্যই নিরাপত্তা পরিষদের সদস্যদের কোনও পূর্বশর্ত ছাড়াই জেনেভার বৈঠকে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত কেলি ক্রাফট বলেছেন, সিরিয়ায় একটি খসড়া সংবিধান প্রণয়নের প্রচেষ্টায় ট্রাম্প প্রশাসনের পূর্ণ সমর্থন রয়েছে।
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া সিরিয়ায় রাজনৈতিক সংলাপ অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন। তিনি জানান, সংবিধান প্রণয়ন সংক্রান্ত এ কমিটিতে মস্কোর প্রতিনিধি রয়েছে এবং সিরিয়াকে প্রয়োজনীয় সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া।