যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া দাবানলকে ‘মারাত্মক’ উল্লেখ করে স্থানীয়দেরকে নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম। একে সাধারণ ঘটনা হিসেবে বিবেচনা না করার জন্য তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। শুক্রবার (২১ আগস্ট) ক্যালিফোর্নিয়ায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নিউসম। এরইমধ্যে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ছযজনে দাঁড়িয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে। রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের চেয়েও বড় একটি এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। পাঁচ শতাধিক ঘর-বাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, দাবানল বিস্তৃত হয়ে ছোট ছোট শহরগুলোতে ছড়িয়ে পড়েছে। ৬ জনের প্রাণহানির পাশাপাশি ৪৩ দমকলকর্মী ও বেসামরিক নাগরিক আহত হয়েছে।
শুক্রবার গভর্নর নিউসম বলেন, অঙ্গরাজ্যজুড়ে ৫৬০টিরও বেশি জায়গায় আগুন নেভাতে কাজ করে যাচ্ছে দমকলবাহিনী। এসব দাবানলের বেশিরভাগই বজ্রপাত থেকে সৃষ্ট। নিউসম বলেন, ‘এ মুহূর্তটা কতটা মারাত্মক তা নিয়ে আমরা এখন কোনও ব্যাখ্যায় যেতে চাই না। শুধু বলব, নিরাপদে সরে যাওয়ার আদেশ মানাটা আপনাদের জন্য জরুরি এবং তা গুরুত্বসহকারে বিবেচনা করুন।’
ক্যালিফোর্নিয়ায় এবারের মতো এতো ভয়াবহ শুষ্ক বজ্রঝড় গত দুই দশকে দেখা যায়নি। সাম্প্রতিক তাপপ্রবাহের কারণে এবার প্রায় ১২ হাজার বজ্রপাত হয়েছে। আর তাতে ছড়িয়ে পড়েছে দাবানল। এমন অবস্থায় প্রায় ১ লাখ ৭৫ হাজার মানুষকে বাড়ি ছেড়ে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।