ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। শনিবার (২২ আগস্ট) ভোরে গাজার দক্ষিণাঞ্চলে হামাসের অবস্থান লক্ষ্য করে ট্যাংক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি গত শুক্রবার ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলার জবাবে এই হামলা চালানো হয়। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সম্প্রতি ফিলিস্তিনের অভ্যন্তর থেকে বিস্ফোরক ভর্তি বেলুন ও ঘুড়ি পাঠিয়ে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তুলছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর জবাব হিসেবে গত কয়েকদিনে গাজার শাসক দল হামাসের বিভিন্ন অবস্থানে ট্যাংক ও বিমান ব্যবহার করে হামলা চালানো হচ্ছে। গত ৬ আগস্ট থেকে প্রায় প্রতিদিনই গাজার বিভিন্ন অবস্থানে হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, শুক্রবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে রকেট হামলা চালানো হলেও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ওই হামলার জবাবে শনিবার ভোরে হামাসের অবস্থানে ট্যাংক হামলা চালানো হয়।
গাজার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পূর্ব রাফা এবং খান ইউনুসের পূর্বাঞ্চলে হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
বিমান ও ট্যাংক হামলা চালানোর পাশাপাশি গত সপ্তাহে অবরুদ্ধ গাজা উপত্যকায় তেল সরবরাহ এবং একটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর ফলে বন্ধ হয়ে গেছে গাজা উপত্যকার একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি। এছাড়া গাজা উপকূলে ফিলিস্তিনিদের মাছ ধরার ওপরেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী গাজা উপত্যকার ২০ লাখেরও বেশি বাসিন্দার অর্ধেকের বেশিই চরম দারিদ্রের কবলে রয়েছে। ফিলিস্তিনি এই ভূখন্ডটি ২০০৭ সাল থেকেই ইসরায়েলের কঠোর অবরোধের আওতায় রয়েছে।