বিশ্বে করোনাভাইরাসজনিত মহামারি পরিস্থিতির বিস্তার ঘটলেও বিভিন্ন জায়গায় সংক্রমণ ক্রমাগত কমছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার (২৪ আগস্ট) রাতে সংস্থাটি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল বাদে বেশিরভাগ জায়গাতেই আক্রান্ত ও মৃতের হার কমছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা নাগাদ বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে ২ কোটি ৩৯ লাখেরও বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ২০ হাজার ২৪৬ জনের। সোমবার রাতে বিশ্বে করোনা পরিস্থিতির সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিবেদনে বলা হয়, ‘২৩ আগস্ট শেষ হওয়া সপ্তাহটিতে নতুন করে ১৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রায় ৩৯ হাজার মানুষ মারা গেছে। যা তার আগের সপ্তাহের তুলনায় আক্রান্ত ৪ শতাংশ এবং মৃত্যু ১২ শতাংশ কম।’
পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন আক্রান্তের সংখ্যা ৫ শতাংশ কমেছে। ওই অঞ্চলে জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চীন ও ভিয়েতনামে সংক্রমণ বাড়ার হার কমেছে। অন্যান্য জায়গায় কমলেও দক্ষিণপূর্ব এশিয়ায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ২৮ শতাংশ এবং ১৫ শতাংশ বেড়েছে। এছাড়া সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় বরাবরের মতোই শীর্ষস্থানে রয়েছে আমেরিকা মহাদেশ। বিশ্বে নতুন আক্রান্তদের অর্ধেকই ওই অঞ্চলের বাসিন্দা। এছাড়া, গত সপ্তাহে মারা যাওয়া ৩৯ হাজার ২৪০ জনের মধ্যে ৬২ শতাংশ আমেরিকা অঞ্চলের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে গত ছয় সপ্তাহে আক্রান্তের হার ৪ শতাংশ বাড়লেও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে। ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে লেবানন, তিউনিসিয়া ও জর্ডানে আক্রান্ত বাড়ার হার সবচেয়ে বেশি। আফ্রিকা অঞ্চলে গত সপ্তাহে নতুন আক্রান্ত এবং মৃত্যু যথাক্রমে ৮ শতাংশ এবং ১১ শতাংশ কমেছে।