টিকটক কিনতে মার্কিন কোম্পানিগুলোর দৌড়ঝাঁপ

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক-এর মার্কিন শাখা কিনে নিতে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় সর্বশেষ যুক্ত হয়েছে রিটেইল জায়ান্ট ওয়ালমার্ট। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, টিকটকের সঙ্গে যুক্ত হতে পারলে তাদের ব্যবসার পরিধি বাড়বে।noname

ট্রাম্প প্রশাসন টিকটিকের যুক্তরাষ্ট্র শাখাকে আমেরিকান মালিকানায় থাকা কোনও প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য ৯০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, টিকটক তার গ্রাহকদের যাবতীয় তথ্য চীন সরকারের হাতে তুলে দেয়। তবে চীনা প্রতিষ্ঠানটি বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে।

ওয়ালমার্টের একজন মুখপাত্র টিকটকের মার্কিন শাখা বিক্রি নিয়ে আলোচনার বিষয়টি বিবিসি-কে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস ওয়ালমার্ট এবং মাইক্রোসফটের মধ্যে পার্টনারশিপ হলে একদিকে যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীদের যেমন আশা পূরণ হবে তেমনি মার্কিন সরকারকেও সন্তুষ্ট করা যাবে।’

বৃহদায়তন প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট গত অগাস্ট মাসেই ঘোষণা করে, তারা টিকটকের বিক্রি নিয়ে আলোচনা চালাচ্ছে।

মাইক্রোসফট এবং ওয়ালমার্ট এক হয়ে টিকটক কেনার জন্য আরেকটি প্রযুক্তি কোম্পানি ওরাকলের সঙ্গে প্রতিযোগিতা করছে। ওদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটারও টিকটক কেনার চিন্তাভাবনা করছে। যতদূর জানা যাচ্ছে, টিকটকের মার্কিন শাখার দাম তিন হাজার কোটি ডলার উঠতে পারে।

টিকটকের বৈশ্বিক ব্যবসার সূচনা ২০১৮ সালে। এর ব্যবহারকারীর সংখ্যা বেশ দ্রুত বেড়েছে। যাদের বয়স ২৫-বছরের নিচে তাদের মধ্যে টিকটকের বিপুল জনপ্রিয়তা রয়েছে।

টিকটক-এর ঝুঁকি কোথায়?

ট্রাম্প প্রশাসন বলছে, টিকটকের মালিক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।

হোয়াইট হাউসের অভিযোগ, চীনা এই কোম্পানিটি তার ৮০ কোটি ব্যবহারকারীর কাছ থেকে নানা ধরনের তথ্য সংগ্রহ করে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে তাদের গ্রাহক সংখ্যা ১০ কোটি। ট্রাম্প প্রশাসনের আশঙ্কা, এই গ্রাহকদের কাছ থেকে চীন নানা তথ্য হাতিয়ে নিয়ে সেটি হীন উদ্দেশ্যে ব্যবহার করতে পারে।

বেইজিং অবশ্য বরাবরই চীনা প্রতিষ্ঠানগুলোর চৌর্যবৃত্তির ব্যাপারে মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তারা বলছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণ বাণিজ্যিক নয়; বরং এটি রাজনৈতিক।

এখন মার্কিন কোম্পানির কাছে ব্যবসার একাংশ বিক্রির প্রশ্নে বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিন নিজেও সমালোচনার শিকার হয়েছেন। কোম্পানির চীনা স্টাফদের কাছে এক চিঠিতে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা ধরে রাখার আর কোনও উপায় ছিল না।  সূত্র: বিবিসি।