ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। হ্যাকের পর অ্যাকাউন্টটি থেকে বেশ কয়েকটি টুইট করা হয়। এতে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ত্রাণের জন্য সহায়তা দিতে মোদির ফলোয়ারদের প্রতি অনুরোধ জানানো হয়। ভারতীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই সহায়তা দিতে ফলোয়ারদের বলা হয়েছিল।
টুইটার কর্তৃপক্ষও মোদির অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এই ধরণের কর্মকাণ্ড নিয়ে অবহিত এবং মোদির অ্যাকাউন্ট নিরাপদ রাখতে এরইমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। হ্যাকারের করা টুইটগুলো সরিয়ে নেওয়া হয়েছে।
২০২০ সালের জুলাইয়ে বিশ্বজুড়ে সুপরিচিত বেশ কয়েকজন ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হবার পর এবার মোদির অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটলো।
জুলাই মাসে যাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল তাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন এবং টেক বিলিয়নিয়ার এলন মাস্কের মতো ব্যক্তিরাও রয়েছেন।
টুইটারের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: বিবিসি।