নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তার বাসভবনের বাইরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গত কয়েক মাসের বিক্ষোভের ধারাবাহিকতায় শনিবার রাতে নেতানিয়াহুর সরকারি বাসভবনের বাইরে জড়ো হয় আন্দোলনকারীরা। এমনকি রবিবার ভোরবেলায়ও রাজপথে দেখা যায় তাদের। তাদের দাবি, দুর্নীতি ও করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার দায়ে অবিলম্বে নেতানিয়াহুকে সরে যেতে হবে।13

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে এ নিয়ে টানা ১১তম সপ্তাহের মতো বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

বিক্ষোভকারীদের বক্তব্য হচ্ছে, করোনাভাইরাস মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার ফলে বেকারত্ব বেড়েছে। তাই দুর্নীতির দায়ে বিচারের মুখে থাকা নেতানিয়াহুকে সরে যেতে হবে।

বিক্ষোভকারীদের বহন করা বিভিন্ন ব্যানারে লেখা ছিল, বিপ্লব, সরে যাও ইত্যাদি নানা স্লোগান। অনেকের হাতে ছিল ইসরায়েলি পতাকা।

জেরুজালেমের বাইরেও অন্যান্য ছোট ছোট শহরগুলোতেও নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।