মধ্যপ্রাচ্যভিত্তিক সংগঠন ইসলামিক স্টেট (আইএস)বিরোধী লড়াইয়ে গোয়েন্দা তথ্য আদান প্রদান করবে রাশিয়ান সরকার ও আফগান তালেবান। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা সিএনএন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানের সঙ্গে তথ্য বিনিময়ের এ সিদ্ধান্ত নিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শত্রুর শত্রুকে বন্ধু ভাবার যে কৌশল রয়েছে তার ভিত্তিতেই আইএসবিরোধী লড়াইয়ে তালেবানদের নিয়ে কাজ করার ঝুঁকি নিচ্ছেন পুতিন।
এ ছাড়াও রাশিয়ার ককেশাস অঞ্চল থেকে আইএসে যোগ দিয়ে সিরিয়ায় যুদ্ধে অংশ নেওয়া যোদ্ধাদের বিষয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন ছিলেন প্রেসিডেন্ট পুতিন।
ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষক ওলগা ওলিকার বলেন, ‘পুতিন সম্ভবত এই যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে আগ্রহী। রাশিয়ার সরকার যা দাবি করে, ততটা না হলেও আইএসে বিপুল সংখ্যক রুশ যোদ্ধা রয়েছেন। আইএসসহ অন্যান্য ইসলামপন্থী জঙ্গিদের হুমকি মনে করেন পুতিন। তবে শত্রু হিসেবে তালেবানদের অবস্থান তুলনামূলকভাবে পেছনে।’
মানচিত্রেও দেখা যাচ্ছে, প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের উত্তরে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে।ফলে ওই দিক থেকে সন্ত্রাসবাদী ও চরমপন্থীদের প্রবেশ বা প্রভাব নিয়েও সতর্ক পুতিন। সূত্রঃ সিএনএন
/ইউআর/