বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, দেশগুলো যদি নিজেদের সরঞ্জামগুলোর যথাযথ ব্যবহার করে, তবে দ্রুতই কোভিড-১৯ মহামারিকে জয় করা যাবে। তবে এর ব্যতিক্রম হলে করোনাভাইরাস দীর্ঘমেয়াদে থেকে যাবে। সোমবার (১২ অক্টোবর) অনলাইনে অনুষ্ঠিত আফ্রিকা সামিটে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন গেব্রিয়াসিস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সোমবার ফিনান্সিয়াল টাইমস-এর উদ্যোগে অনলাইনে আফ্রিকা সামিট অনুষ্ঠিত হয়। সে সময় করোনা পরিস্থিতি নিয়ে গেব্রিয়াসিস বলেন, ‘আমাদের হাতে যে সরঞ্জামগুলো আছে তা যথাযথভাবে ব্যবহার করতে পারলে শিগগিরই এর অবসান ঘটাতে পারব। আর আমরা যদি এগুলোর যথাযথ ব্যবহার না করতে পারি, তবে এটি (করোনাভাইরাস) আমাদের সঙ্গে থেকে যেতে পারে। লম্বা সময়ের জন্য থেকে যেতে পারে তা।’
২০২০ সালের শেষের দিকে কিংবা ২০২১ সালের শুরুতে করোনা ভ্যাকসিন পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেছেন গেব্রিয়াসিস।