বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস কোয়ারেন্টিনে আছেন। রবিবার এক টুইটার বার্তায় তিনি নিজেই এ কথা জানিয়েছেন। বলেছেন, তার সংস্পর্শে আসা একজনের করোনা পজিটিভ হওয়ার পর থেকেই সেলফ কোয়ারেন্টিনে আছেন ডব্লিউএইচও মহাপরিচালক।
গেব্রিয়াসিস টুইট বার্তায় বলেছেন, ‘আমার সঙ্গে দেখা হয়েছিল এমন একজনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। তবে আমি ভালো আছি। আর আমার কোনও লক্ষণও নেই। তবে সুস্থ থাকলেও ডব্লিউএইচওর বিধি অনুসরণ করে আমি নিজ ব্যবস্থাপনায় আগামী কিছুদিন কোয়ারেন্টিনে থাকব। আর কাজ করব ঘর থেকেই।’
ইতোমধ্যে করোনাভাইরাসে প্রাণ গেছে প্রায় ১২ লাখ মানুষের। আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৬০ লাখের বেশি। গত বছরের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহান থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের সংস্থার প্রধান হিসেবে সম্মুখ সারিতে আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান।
টুইট বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই আমরা কোভিড-১৯–এর সংক্রমণ রোধ করতে পারি, এই ভাইরাস ছড়ানোর প্রবণতা রুখতে পারি এবং স্বাস্থ্য ব্যবস্থাকে সুরক্ষিত করতে পারি।’
৫৫ বছর বয়সী গেব্রিয়াসিস ইথিওপিয়ার সাবেক স্বাস্থ্য ও পররাষ্ট্রমন্ত্রী।