ভোট গণনা বন্ধ রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির করা একটি আবেদন খারিজ করে দিয়েছে নেভাদা অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট। ক্লার্ক কাউন্টি নামের একটি অঞ্চলের নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণের সুযোগ চেয়ে ওই আবেদন করা হয়। তবে আদালতের সাত জন বিচারকের প্রত্যেকেই ওই তা খারিজের আদেশে স্বাক্ষর করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ট্রাম্প এবং রিপাবলিকান পার্টির অভিযোগ লাস ভেগাস শহরের অধীনে থাকা ক্লার্ক কাউন্টির কর্মকর্তারা বিপুল পরিমান মেইল-ইন ব্যালট বা ডাকযোগে আসা ভোটের স্বাক্ষর যাচাইয়ের অনুরোধ রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। সেই যুক্তিতে তারা নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ চেয়ে ততক্ষণ পর্যন্ত গণনা বন্ধ রাখার অনুরোধ নিয়ে আদালতে যায়।
তবে নেভাদার সুপ্রিম কোর্টের বিচারকেরা সর্বসম্মতভাবে ভোট গণনা বন্ধ রাখার আবেদন খারিজ করে দেয়। তবে ট্রাম্পের প্রচার শিবির ও রাজ্য রিপাবলিকান পার্টিকে দ্রুত তাদের যুক্তি তুলে ধরতে নতুন দিন নির্ধারণ করে দেয়। আগামী সোমবার বিবাদীদের যুক্তি শোনার দিন নির্ধারণ করেছে আদালত।
এছাড়া ওই ক্লার্ক কাউন্টিতে ৩০টি ভোট কেন্দ্র অতিরিক্ত এক ঘণ্টা সময় খোলা রাখার নির্দেশ দিয়েছেন এক বিচারক। এক ঘণ্টা বিলম্বে এসব কেন্দ্র খোলা হয়েছে ট্রাম্পের প্রচার শিবির অভিযোগ তোলায় এই নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, ২০০৪ সালের পর নেভাদা অঙ্গরাজ্যে কোনও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী জয় পায়নি। তারপরও এবারে ব্যাটেলগ্রাউন্ড বা দোদুল্যমান রাজ্য হয়ে ওঠে এটি। জো বাইডেনের সুবিধা থাকার সুযোগ নষ্ট করতে সেখানে ব্যাপক তৎপরতা চালিয়েছেন ট্রাম্প। নির্বাচনের দিন স্থানীয় সময় বেলা একটা পর্যন্ত সেখানে প্রায় ৪০ হাজার মানুষ ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে ভোট দিয়েছেন।