মার্কিন নির্বাচনের এখন পর্যন্ত প্রাপ্ত ফলে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। তবে এরমধ্যেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নিজের বিজয় দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে বিলম্বিত ভোট গণনা থামাতে আদালতের শরণাপন্ন হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তার তার এমন ভাষণকে ‘আপত্তিকর, নজিরবিহীন ও ভুল’ বলে আখ্যায়িত করেছে বাইডেন শিবির।
জো বাইডেনের প্রচার ম্যানেজার জেন ও’মালি এক বিবৃতিতে হোয়াইট হাউজ থেকে দেওয়া ট্রাম্পের ওই ভাষণের কঠোর সমালোচনা করেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘যথাযথভাবে ভোট দেওয়া ব্যালটের গণনা বন্ধ করার চেষ্টার বিষয়ে প্রেসিডেন্টের আজকের বক্তব্যটি ছিল আপত্তিকর, নজিরবিহীন এবং ভুল। এটি বিদ্বেষজনক। কেননা, এটি ছিল মার্কিন নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হরণের এক নগ্ন প্রচেষ্টা।’
ট্রাম্প নির্বাচনের পর দেরিতে আসা ভোটকে অবৈধ বলে দাবি করে আসছেন। দৃশ্যত এসব ভোটের বেশিরভাগই ডেমোক্র্যাট সমর্থকদের পাঠানো পোস্টাল ভোট। ফলে ডেমোক্র্যাটদের ভোট পৌঁছাতে দেরি হলে ট্রাম্পেরই লাভ। মূলত এজন্যই তিনি বিলম্বে আসা ভোটকে অবৈধ বলে দাবি করে আসছেন। এ নিয়ে আদালতের শরণাপন্ন হওয়ার কথাও বলেছেন তিনি।
ট্রাম্পের এমন অবস্থানের জবাবে জেন ও’মালি জোর দিয়ে বলেন, ‘ভোট গণনা থামবে না।’ সুপ্রিম কোর্টের মাধ্যমে এসব ভোট বাতিলের যেকোনও চেষ্টার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।