ভুল পথে এক ঘণ্টা উড্ডয়ন!

nonameনির্ধারিত পথে না গিয়ে ঘণ্টাখানেক ভুল পথে উড্ডয়ন করেছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। নিউজিল্যান্ড থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে প্রায় এক ঘণ্টা ভুল পথে ঘোরে মালয়েশিয়ার এমএইচ১৩২। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স।
২৫ ডিসেম্বর স্থানীয় সময় রাত ২টা ২৩ মিনিটে কুয়ালালামপুর যাওয়ার জন্য নিউজিল্যান্ড থেকে উড্ডয়ন করে এমএইচ১৩২। কুয়ালালামপুর যাওয়ার জন্য সাধারণত অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম দিক দিয়ে যায় বিমান। কিন্তু এমএইচ১৩২ উড্ডয়নের পরই দক্ষিণমুখী যাত্রা শুরু করে। বিষয়টি নজরে পড়তেই পাইলটকে সতর্ক করে এয়ার ট্রাফিক কন্ট্রোল। প্রায় এক ঘণ্টা উড্ডয়নের পর নিজের গতিপথ ঠিক করেন পাইলট। আতঙ্ক যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য যাত্রীদের এ বিষয়ে কিছু জানানো হয়নি।
এর আগেও একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান। ২০১৪ সালের ৮ মার্চ মাঝ আকাশেই হারিয়ে যায় মালয়েশিয়ার এমএইচ ৩৭০। ভারত মহাসাগরে যাত্রী বোঝাই বিমানটি ভেঙে পড়ে বলে ধারণা করা হয়। বিমানের ২৩৯ আরোহীকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু কয়েকটি দেশ মিলে ভারত মহাসাগরে তল্লাশি চালিয়ে কোথাও বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি।

চলতি বছরের গোড়ার দিকে ইউক্রেনে মালয়েশিয়ার এমএইচ ১৭-কে মিসাইল ছোড়ে দুর্বৃত্তরা। মাঝ আকাশেই ২৯৮ জন আরোহীকে নিয়ে টুকরো টুকরো হয়ে ভেঙে যায় বিমানটি।

বারবার এ ধরনের দুর্ঘটনার পর আর্থিক ক্ষতির মুখে মালয়েশিয়া এয়ারলাইন্স। কোনও রকমে দেউলিয়া হওয়া আটকাতে চাকরি গিয়েছে কয়েক হাজার কর্মীর। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/