চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশ বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে। রবিবার (১৫ নভেম্বর) ভিয়েতনামে ৩৭তম আসিয়ান সম্মেলনের শেষ দিনে ভার্চুয়ালি এই চুক্তি স্বাক্ষর হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে ভারত এই চুক্তির অন্তর্ভুক্ত হয়নি। গত বছরই এই প্রকল্প থেকে নিজেকে সরিয়ে নেয় দিল্লি।
আসিয়ান জোটের ১০টি দেশ ছাড়াও এই চুক্তিতে সই করেছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এসব দেশের মোট জনসংখ্যা ২০০ কোটিরও বেশি। গত বছরই এই মুক্তবাণিজ্য চুক্তির খসড়া চূড়ান্ত হয়ে যায়। কিন্তু সবাইকে অবাক করে ভারত চুক্তি বাতিল করে গোষ্ঠী থেকে বেরিয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তখন জানিয়েছিলেন, রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসিইপি ভারতীয়দের জীবনযাত্রায় প্রভাব ফেলবে। তবে পরে এই বাণিজ্য চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারে ভারত।
রবিবার ভিয়েতনামের প্রধানমন্ত্রী এনগুয়েন জুয়াম ফুক বলেছেন, বহুজাতীয় বাণিজ্যের ক্ষেত্রে আসিয়ান দেশগুলো এই চুক্তির মাধ্যমে গোটা বিশ্বকে একটা দিশা দিলো। করোনা মহামারির জেরে সরবরাহ এবং রফতানি বাণিজ্যের প্রভূত ক্ষতি হয়েছে বিশ্বজুড়ে। সেই ক্ষত মেরামতের কাজ করবে এই বাণিজ্য চুক্তি।
করোনা মহামারির জেরে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে এই বাণিজ্য চুক্তি সহায়তা করবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরাও। শুল্ক কমিয়ে, সরবরাহ ব্যবস্থার উন্নতি করে নতুন ই-কমার্স নীতি প্রণয়ন করা হবে বাণিজ্য চুক্তির মাধ্যমে।