পাকিস্তানের মারদানে বোমা হামলায় নিহত অন্তত ২২

পাকিস্তানের মারদানে বিস্ফোরণপাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে জাতীয় ডাটাবেজ ও নিবন্ধন কর্তৃপক্ষ (নাদরা)-এর কার্যালয়ের পাশে এক বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪০ জন। মঙ্গলবার পাখতুনখাওয়ার মারদানের নিসাত্তা রোডে এ হামলা হয় বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
এরইমধ্যে হামলার দায় স্বীকার করেছে তালেবান সংশ্লিষ্ট সংগঠন জামাতুল আহরার। গত বছর ওয়াগাহ সীমান্তে হামলার সঙ্গেও জড়িত ছিল সংগঠনটি।
উদ্ধারকারী দলের বরাতে ডন জানায়, মঙ্গলবার জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে লাইনে দাঁড়ানো ছিলেন অনেকে। সেসময় হঠাৎ করে বিস্ফোরণটি হয়।

এদিকে হামলার ধরন নিয়ে ভিন্ন ভিন্ন দাবি উঠেছে। এ হামলা আত্মঘাতি ছিল বলে দাবি করেছেন মারদান ডিভিশনের পুলিশের ডিআইজি সাইদ ওয়াজির। তিনি জানান, এক লোককে সন্দেহ হওয়ায় তাকে কার্যালয়ে ঢুকতে বাধা দেয় নিরাপত্তা রক্ষী। পরে মোটর সাইকেলে করে লোকটি দূত বেগে গেইট দিয়ে প্রবেশ করে এবং বোমাটির বিস্ফোরণ ঘটায়।

আবার কেউ কেউ বলছেন, বোমাটি পার্কিংয়ে রাখা একটি মোটর সাইকেলে ছিল। সূত্র: ডন

/এফইউ/