ইউএনএইচসিআর এর হিসেব মতে চলতি বছরে সমুদ্রপথে ইউরোপে প্রবেশ করেছে ১০ লাখ ৫৭৩ জন শরণার্থী। এদের মধ্যে ৮০ শতাংশ প্রবেশ করে গ্রিসে। তাদের বেশিরভাগই দেশটির লেসবস দ্বীপে নামেন। ইউএনএইচসিআর বলছে, প্রায় ৮ লাখ ৪৪ হাজার শরণার্থী তুরস্ক থেকে গ্রিসে প্রবেশ করেন। অন্যদের মধ্যে ১ লাখ ৫০ হাজারেরও বেশি শরণার্থী লিবিয়া থেকে ভূমধ্য সাগর পার করে ইতালি প্রবেশ করেন।
ইউএনএইচসিআর এর তরফে বলা হয়, ইউরোপে প্রবেশ করা অভিবাসীদের বেশিরভাগই আন্তর্জাতিক সুরক্ষা পেতে যুদ্ধ-সহিংসতা থেকে পালিয়ে বাঁচতে ইউরোপে প্রবেশ করেছে। ভূমধ্যসাগর পার করে ইউরোপে প্রবেশ করা শরণার্থীদের ৪৯ শতাংশ সিরিয়া থেকে এসেছে। আর ২১ শতাংশ এসেছে আফগানিস্তান থেকে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটাকেই সবচেয়ে ভয়াবহ অভিবাসী সঙ্কট আকারে দেখা হচ্ছে।
এরআগে ২১ ডিসেম্বর (সোমবার) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর তরফে বলা হয়, চলতি বছরে সামগ্রিকভাবে ইউরোপে প্রবেশ করা শরণার্থীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। এসব শরণার্থীর অর্ধেকই যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার নাগরিক। আইওএম শরণার্থী নিবন্ধনের তালিকা, আইন প্রয়োগকারী সংস্থার হিসাব এবং তাদের নিজস্ব পর্যবেক্ষণ থেকে এ সংখ্যা বের করে।
/বিএ/